দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য যৌথ মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে যুক্তরাজ্য ও সৌদি আরব। এ লক্ষ্যে কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার (কেএসরিলিফ) এবং ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধিরা কক্সবাজারে প্রথম যৌথ সফর করেছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে প্রতিনিধিদল মানবিক সহায়তাকারী সংস্থা, রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় জনগোষ্ঠীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি খাদ্য নিরাপত্তা এবং পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ)–সংক্রান্ত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।
বর্তমানে দুই দেশ যৌথভাবে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং ইন্টিগ্রেটেড সোশ্যাল ডেভেলপমেন্ট এফোর্ট (আইএসডিই) বাংলাদেশসহ বিভিন্ন সহযোগী সংস্থার মাধ্যমে ৭ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলারের মানবিক সহায়তা কার্যক্রমে অর্থায়ন করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৫ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত যুক্তরাজ্য-সৌদি আরব কৌশলগত সহায়তা সংলাপে এই অর্থায়নের ঘোষণা দেওয়া হয়। একই বছরের ডিসেম্বরে লন্ডনে যৌথ বিবৃতি স্বাক্ষরের পর এ সফর দুই দেশের মানবিক সহযোগিতার আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
সফরে প্রতিনিধিদল সরাসরি জানতে পারেন, কীভাবে যৌথ অর্থায়নে পরিচালিত কর্মসূচিগুলো জরুরি সেবা সম্প্রসারণ, জীবনযাত্রার মানোন্নয়ন এবং রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে।
কেএসরিলিফের অপারেশন ও প্রোগ্রামবিষয়ক সহকারী সুপারভাইজার জেনারেল ইঞ্জিনিয়ার আহমেদ বিন আলী আল-বাইয বলেন, যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) সঙ্গে অংশীদারিত্বকে তারা অত্যন্ত গুরুত্ব দেন। এই সহযোগিতার মাধ্যমে রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর কাছে জীবনরক্ষাকারী সহায়তা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, রোহিঙ্গা শরণার্থী, স্থানীয় জনগোষ্ঠী এবং অন্যান্য সুবিধাবঞ্চিত মানুষের জন্য জীবনরক্ষাকারী সহায়তা পৌঁছে দিতে কেএসরিলিফের সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে যুক্তরাজ্য গর্বিত। এই সফর সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে দুই দেশের যৌথ অঙ্গীকারেরই প্রতিফলন।
এমএম/